রাজধানীতে ব্লক রেইড, দুই সপ্তাহে গ্রেপ্তার ১২৬

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে ব্লক রেইড, দুই সপ্তাহে গ্রেপ্তার ১২৬
প্রতীকী ছবি: চরচা

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ ব্লক রেইড অভিযান চালিয়ে মার্চের প্রথম দুই সপ্তাহে ১২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পল্লবী, যাত্রাবাড়ী, পল্টন, শাহআলী, মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, দক্ষিণখান, শাহজাহানপুর, চকবাজার ও মিরপুর থানাধীন বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ব্লক রেইড পরিচালনা করা হয়।”

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৮৪ পুরিয়া গাঁজা, ৭০২ গ্রাম গাঁজা, ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

যেসব এলাকায় অভিযান

গত ২ মার্চ পল্লবী থানার মিল্লাদ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। আদালত ৫ জনকে ৬ মাসের কারাদণ্ড, ১৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা এবং ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড দেন।

এরপর, ৫ মার্চ যাত্রাবাড়ীর ধলপুর সিটি পরী বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২ জনকে ৭ দিনের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা এবং ৭ জনকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি, গত ৮ মার্চ পল্টন থানার জাতীয় ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ১ জনকে গ্রেপ্তার করা হয়। তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গত ৯ মার্চ শাহআলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। আদালত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই দিন মতিঝিল থানার দৈনিক বাংলা মোড় সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে আরও ১ জনকে গ্রেপ্তার করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।গত ১০ মার্চ শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। একই দিনে সবুজবাগ থানার বাসাবো এলাকায় ২ জনকে গ্রেপ্তার করে প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গত ১১ মার্চ দক্ষিণখান এলাকায় ৫ জনকে গ্রেপ্তার করে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই দিনে শাহজাহানপুর এলাকায় ১ জনকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। চকবাজারের বকশীবাজার এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪ জনকে ৬ মাস, ৭ জনকে ৩ মাস এবং ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এইদিনে শাহবাগ এলাকায় পৃথক অভিযানে ২ জনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

১২ মার্চ কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। একই দিনে জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ১ জনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শাহবাগ এলাকায় পৃথক অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১ জনকে জরিমানা করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ব্লক রেইড ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত