Advertisement Banner

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ হাজার লিটার ডিজেল জব্দ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ হাজার লিটার ডিজেল জব্দ
ছবি: বাসস

চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় অবৈধভাবে মজুত করা তেল উদ্ধার অভিযানে ৬ হাজার লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ, জেলা প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। উদ্ধার হওয়া ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০টি ড্রামে সংরক্ষিত আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বলেন, “অভিযানে আনুমানিক ৬ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার করা জ্বালানি তেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সরিয়ে তা স্থানীয় পর্যায়ে বিক্রি করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সম্পর্কিত