Advertisement Banner

মহররমের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, জিও নিউজের সম্প্রচার স্থগিত করল পাকিস্তান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মহররমের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, জিও নিউজের সম্প্রচার স্থগিত করল পাকিস্তান
ছবি: রয়টার্স

মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠান নিয়ে বিতর্কের জেরে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ২৬ জুন সম্প্রচারিত একটি অনুষ্ঠানে জিও নিউজ এমন কিছু ‘ধর্মীয় দৃশ্য’ প্রচার করেছে, যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।

গতকাল রোববার ওই অনুষ্ঠানের বিষয়ে জিও নিউজ ক্ষমা চেয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে সংবাদ চ্যানেলটি বলেছে, অনুষ্ঠানটি ভুলবশত সম্প্রচারিত হয়েছিল এবং এটি চ্যানেলটির সম্পাদকীয় অবস্থান বা বিশ্বাসের প্রতিফলন নয়।

জিও নিউজ জানিয়েছে, অনুষ্ঠানের বিতর্কিত অংশটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।

চ্যানেলটি বলেছে, তাদের সম্প্রচারিত ফুটেজে ইরাক ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কিছু মানুষের পালন করা আচার-অনুষ্ঠান দেখানো হয়েছে। এর উদ্দেশ্য ছিল স্থানীয় রীতিনীতি তুলে ধরা, কোনো ধর্মীয় মতের সমর্থন করা নয়।

পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলেছে, জিও নিউজ সম্পাদকীয় সতর্কতা অবলম্বনে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় চ্যানেলটিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ কাউন্সিলে পাঠানো হয়েছে।

ইসলামি বর্ষপঞ্জির অন্যতম সংবেদনশীল মাস মহররমে ধর্মীয় বিষয় নিয়ে সামান্য বিতর্কও পাকিস্তানে দ্রুত জনরোষের কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও নবী–রাসুলদের চিত্রায়ন দেশটিতে অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হয়। অতীতেও এ ধরনের ইস্যুকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ কারণে মহররম উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে পাকিস্তান। দেশটিতে টেলিভিশন চ্যানেলগুলোকে মাঝেমধ্যেই নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ, সম্প্রচার স্থগিত এবং সম্প্রচারসংক্রান্ত বিধিনিষেধের মুখে পড়তে হয়।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

সম্পর্কিত