চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে, আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসব। অপরটি হচ্ছে, যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগী আসামী, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসব।”

তিনি আরও বলেন, “এই প্রক্রিয়া ঢাকা থেকে শুরু হবে। সারা দেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। সবকিছু আইনের গতিতে চলবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। এ কাজে গণমাধ্যম ও দেশের জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।”

সম্পর্কিত