Advertisement Banner

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ছবি: বাসস

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম চরচাকে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর বিবিসি বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রত্যার্পণ চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলে তাকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে।”

পুলিশ কর্মকর্তা খন্দকার রফিকুল ইসলাম চরচাকে বলেন, ‘‘দুদকের একটি দুর্নীতি মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ করেছিল বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।’’

রফিকুল ইসলাম জানান, সাবেক আইজিপিকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর।

বেনজীর আহমেদ ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। ২০২০ সালের এপ্রিলে আইজিপির দায়িত্ব পান। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তথ্য গোপন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে ওই বছরের ১৫ ডিসেম্বর বেনজীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম।

সম্পর্কিত