Advertisement Banner

সবচেয়ে বড় বিনিয়োগ হবে শিক্ষা খাতে: শিক্ষামন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সবচেয়ে বড় বিনিয়োগ হবে শিক্ষা খাতে: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী আনম এহছানুল হক মিলন। ছবি: চরচা

বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগ হবে শিক্ষা খাতে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘শিক্ষা সেক্টর এনালাইসিস’ সংক্রান্ত এক ওয়ার্কশপে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান সরকার ও সরকারের প্রধানমন্ত্রী তিনটি খাতকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। যদি কেউ জিজ্ঞাসা করেন প্রথম খাত কোনটি? তিনি বলবেন—শিক্ষা। দ্বিতীয় খাতটি কী? তিনি বলবেন—শিক্ষা। যদি আমি তাকে আবারও জিজ্ঞাসা করি, এরপর কোন খাতের ওপর জোর দেওয়া দরকার? তিনি বলবেন—শিক্ষা। সুতরাং শিক্ষাই আমাদের প্রধান ও মূলবিন্দু। এর ওপর ভিত্তি করেই আমরা আমাদের আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলতে চাই।”

মন্ত্রী আরও বলেন, “​শিক্ষা খাতের উন্নয়ন ও পরিকল্পনায় সরকার দূরদর্শী চিন্তা নিয়ে কাজ করছে। প্রাথমিক, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছি। দেশের শিক্ষাকে আরও কার্যকর করতে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা চালু করছি।”

শিক্ষামন্ত্রী বলেন, “​আমাদের মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। আমরা আরও বেশি সরকারি স্কুল ও কলেজ এবং আরও কয়েকটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করছি।”

এছাড়া সরকারি উদ্যোগে আরও ৬৭০টি স্কুল ও কলেজ সরকারীকরণ করার একটি কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

সম্পর্কিত