Advertisement Banner

চট্টগ্রাম বন্দরে এল ভারতীয় নৌবাহিনীর জাহাজ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে এল ভারতীয় নৌবাহিনীর জাহাজ
ছবি: সংগৃহীত

বহুজাতিক আইওএস সাগর ২০২৬ মোতায়েন কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শুক্রবার জাহাজটি সফলভাবে বঙ্গোপসাগর অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ-১৭) আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে অভ্যর্থনা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা এবং আঞ্চলিক সমন্বয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে ‘আইওএস সাগর’–এর কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ করবেন। এর মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচিও রয়েছে। সফরের অংশ হিসেবে দুই দেশের নৌ সদস্যদের মধ্যে ক্রস-ডেক ভিজিট, পেশাগত মতবিনিময় এবং প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময় করা হবে। নৌ সদস্যরা ঈসা খান ট্রেনিং কমপ্লেক্স ও বাংলাদেশ নেভাল একাডেমিও পরিদর্শন করবেন।

দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথাও রয়েছে।

ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি এবং ‘মহাসাগর’ উদ্যোগের অংশ হিসেবে এ সফর ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও টেকসই সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত