উল্টোপথে ‘বেপরোয়া’ গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা।
বার্তা সংস্থা ইউএনবি ওই কর্মকর্তার বরাতে জানায়, এ দিন সকাল ৯টা ৮ মিনিটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জমান মিল্লাতের ‘রেঞ্জ রোভার’ গাড়ি সার্কিট হাউস সড়ক দিয়ে উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল।
এ সময় ট্রাফিক পুলিশ ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫ রেজিস্ট্রেশন নম্বরের পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। ওই সময় মন্ত্রী গাড়িতেই ছিলেন। ওই কর্মকর্তা আরও জানান, চালককে বলা হয়, এভাবে উল্টোপথে গাড়ি চালানো আইনের সম্পূর্ণ লঙ্ঘন। গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। দুটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনবি জানিয়েছে, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।
ট্রাফিক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগ মামলা হলো, যা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে মামলার ঘটনা এই প্রথম।
এদিকে, মন্ত্রীর গাড়ির উল্টোপথে চলার এই সংবাদে সচিবালয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। পুলিশের ঊধর্বতন এক কর্মকর্তা বলেন, “যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন, যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহন ট্রাফিক সিগন্যাল মেনে চলছে, সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে।”