হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার। আজ ষষ্ঠী। দেবীর মূল প্রতিমায় আজ থেকে পূজা হবে। এরপর যথাক্রমে মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী পালিত হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।
আজ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হবে। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেবী দুর্গা স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন। নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। দেবীর অবস্থানকালে এই পাঁচ দিন পৃথিবীতে ভক্তরা নানা আয়োজনের মাধ্যমে দেবীর আরাধনা করেন।
সারাদেশে এবার উৎসবমুখর পরিবেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। পূজা উপলক্ষে সরকারি অনুদান বাড়িয়ে ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের সরকারি ছুটিও রয়েছে।
এবার মহাসপ্তমী দুই দিন। আগামীকাল শনিবার ও পরদিন রোববার মহাসপ্তমী। আগামী সোমবার মহা অষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমী ও দেবী বিসর্জন। বিজয়ার দিন বেলা তিনটায় হবে ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বাসসকে জানান, দুর্গাপূজায় এবার প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। গতকাল বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।
অন্যদিকে গতকাল আনসার-ভিডিপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ রাখতে সারা দেশে আনসার-ভিডিপির ২ লাখ ১২ হাজার ৮১৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে।