জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
আজ সোমবার বিকাল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে অংশ নেন তিনি। সকালে সংসদ ভবনে নিজের জন্য নির্ধারিত কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন মির্জা আব্বাস। সংসদ ভবনে পৌঁছালে দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সুরাইয়া জেরিন মির্জা আব্বাসের সংসদে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।”
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত বুধবার রাতে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফেরেন মির্জা আব্বাস।
গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর ফিজিওথেরাপি ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় মালয়েশিয়ায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।