ঘরের মাঠের সুবিধা আর ঠান্ডা মাথার কৌশলী ফুটবলে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক বাধা পার করল বাংলাদেশের ফর্টিস এফসি। আজ মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিলিমিনারি প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের লিগ রানার্সআপ মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে তারা। মহাদেশীয় স্তরে প্রথমবারের মতো খেলতে নেমেই সরাসরি গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ফুটবল লিগে তৃতীয় হওয়া করপোরেট ক্লাবটি।
দুপুরের আর্দ্র গরম আর কড়া রোদ বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল শীতপ্রধান দেশের দল মুরাস ইউনাইটেডের জন্য। শারীরিক শক্তিতে এগিয়ে থাকলেও আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে শুরু থেকেই সমস্যায় ছিল দলটি। উল্টো বিদেশি ও স্থানীয় ফুটবলারদের নিয়ে গড়া ফর্টিস শুরু থেকেই খেলেছে ঠান্ডা মাথার ফুটবল।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবাহনী থেকে ধারে আসা ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। ৫২ মিনিটে গাম্বিয়ান অধিনায়ক পা ওমরের দারুণ এক একক ড্রিবলিং থেকে বাড়ানো বল ধরে, বক্সের ওপর থেকে গড়ানো শটে বল জালে জড়ান ইব্রাহিম (১-০)।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে অলআউট আক্রমণ চালায় মুরাস। ৭৪ মিনিটে বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা; শিমোমুরার শট সাইড পোস্টে লাগলে বেঁচে যায় ফর্টিস। শেষ পর্যন্ত সুজন পেরেইরার বিশ্বস্ত গ্লাভস ও জমাট রক্ষণে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।
আগামী সপ্তাহে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ মৌসুমের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের অফিশিয়াল ড্র।