পল্লবীতে ভোটের আগের রাতেই কেন্দ্রে ঢুকে পড়লেন জামায়াতের এজেন্ট

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পল্লবীতে ভোটের আগের রাতেই কেন্দ্রে ঢুকে পড়লেন জামায়াতের এজেন্ট
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে জামায়াতে ইসলামীর দুজন এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই কারাদণ্ড দেন।

​নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের‌ মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুজন এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। ওই কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এই অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনা ইসলাম স্থানীয় ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদি হাসান খাদেম, রাইহান হোসেন।

​অবৈধ প্রভাব বিস্তারের দায়ে সংশ্লিষ্টদের ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

​অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার।

সম্পর্কিত