নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে কিউআরএস জানিয়েছে, এই হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার ওপর এক গুরুতর আঘাত এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। অপরাধ, দুর্নীতি, অনিয়ম কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হত্যা কোনোভাবেই কাম্য নয়।
লুৎফুজ্জামান হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, জনগণের স্বাধীন মতপ্রকাশের অধিকার এবং অপরাধ ও দুর্নীতির তথ্য জানার সুযোগের ওপর প্রত্যক্ষ আঘাত। এ ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়মুক্তির সংস্কৃতি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় লুৎফুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন।