পুরো দলবদল মৌসুমটা বার্সেলোনা ছুটেছে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেসের পেছনে। কী এক নাটকই না হলো আলভারেসকে নিয়ে! শেষ পর্যন্ত দলবদলটা হয়নি, আলভারেস আতলেতিকোতেই থেকে যেতে বাধ্য হয়েছেন।
কিন্তু এক আর্জেন্টাইন স্ট্রাইকারের পেছনে ছোটা বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া যেন এই মৌসুমে নিজেকে নতুন করে প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে নেমেছেন। ভালেন্সিয়ার মাঠে আজ বার্সেলোনার ৫-০ গোলের জয়ে একটি গোল রাফিনিয়ার, তাতে লিগে প্রথম ৪ ম্যাচেই ৬ গোল হয়ে গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
তা এখানে লিওনেল মেসির প্রসঙ্গ আসছে কীভাবে? সেটা আনছে রেকর্ডের বই। এই শতাব্দীতে বার্সেলোনার জার্সিতে লিগে প্রথম চার ম্যাচে অন্তত ৬ গোল করার কীর্তি রাফিনিয়ার আগে ছিল শুধু ওই মেসিরই–দুবার, ২০১২/১৩ আর ২০১৩/১৪ মৌসুমে।
রেকর্ডবইয়ে মেসির পাশে রাফিনিয়া। ছবি: স্ক্রিনশট
হানসি ফ্লিক বার্সার কোচ হওয়ার পর থেকেই ইউরোপের সেরাদের একজন হয়ে ওঠা রাফিনিয়া এবার বার্সেলোনার মূল স্ট্রাইকারই হয়ে গেছেন। লেফানদফস্কি চুক্তি শেষে ক্লাব ছেড়েছেন, আলভারেসকে চেয়েও পায়নি বার্সা। ঠেকায় পড়লে কাজ চালানোর জন্য শেষ মুহূর্তে ধারে আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে এনেছে আর্সেনাল থেকে। তবে অনেকদিন ধরেই চোট আর ফর্মহীনতার সঙ্গে যুঝতে থাকা জেসুস তো আর মূল স্ট্রাইকার নন, সেটা রাফিনিয়াই।
এবং মূল স্ট্রাইকারের দায়িত্বটা কী দারুণভাবেই না পালন করে চলেছেন রাফিনিয়া! লিগের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে দুই গোল দিয়ে শুরু, এরপর আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে এক গোল। রায়ো ভায়েকানোর বিপক্ষে আগের ম্যাচে আবার দুই গোল, আজ ভালেন্সিয়ার বিপক্ষে একটি। সে হিসেবে বার্সার পরের ম্যাচের প্রতিপক্ষ ফেইনুর্ড ভয়ে থাকবে, ধারা চলতে থাকলে যে রাফিনিয়ার সেদিন দুই গোল করার কথা। আর ধারাটা শুধু লিগেই চললে লেভান্তে থাকবে টেনশনে।
আজ ভালেন্সিয়ার বিপক্ষে রাফিনিয়া অবশ্য বার্সেলোনার জয়ের মূল তারকা কোনোভাবেই নন। সেটা আপনি লামিন ইয়ামালকে বলতে পারেন, বার্সেলোনার প্রথম ও শেষ গোল তার। এর মধ্যে ৬ মিনিটে প্রথম গোলটি তো করলেন দারুণ লবে!
কেউ কেউ অবশ্য ইয়ামালের চাইতেও ফেরমিন লোপেসকে এগিয়ে রাখবেন। বার্সেলোনার প্রথম তিন গোলেই যে ফেরমিনের অবদান! ইয়ামালের গোলের পর ৫০তম মিনিটে রাফিনিয়ার করা বার্সার তৃতীয় গোলটিও গড়ে দিয়েছেন ফেরমিন, এর মাঝে ২২ মিনিটে দ্বিতীয় গোলটি নিজেই করেছেন!
বার্সেলোনার চতুর্থ গোলটি ৭৯ মিনিটে, করেছেন পেদ্রি। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে পাঁচটি করে গোল করল বার্সা।