এশিয়া কাপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারানো বাংলাদেশ মাঠে নামছে নিজেদের দ্বিতীয় ম্যাচে, আর প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়েও রাখতে পারে বড় ভূমিকা।
ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৭১ রানে। সেই ম্যাচে নবাগত দলটি সেভাবে প্রতিদ্বন্দ্বিতা জমাতে পারেনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি নিগার সুলতানা দলের জন্য শক্ত পরীক্ষার হতে পারে। দুই ম্যাচে দুই জয়ে এরই মধ্যে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে দলটি। বাংলাদেশ এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে।
শ্রীলঙ্কার কাছে বড় হেরে গেলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের সমীকরণ কিছুটা কঠিনই হয়ে যাবে। নিগারদের নেট রান রেট +৩.৫৫০। অন্যদিকে দুই ম্যাচে এক জয় পাওয়া সংযুক্ত আরব আমিরাতের রান রেট -০.৮৫।
ফলে শ্রীলঙ্কার জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তখন বাংলাদেশ ও আরব আমিরাতের শেষ ম্যাচে জয় পাওয়া দলই পাবে সেমিফাইনালের টিকিট।
বড় ম্যাচের আগে বাংলাদেশের ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে শুনিয়েছেন আশার কথা, “প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খুব ভালোভাবে জয় পেয়েছি। সেই ম্যাচে এখানকার মাঠের পরিবেশ ও উইকেটের আচরণ সম্পর্কে ধারণা পেয়েছি। ফলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা অভিজ্ঞতাও হয়েছে আমাদের।”
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ফর্ম একেবারেই ভালো নয়। দুই দলের সবশেষ পাঁচ সাক্ষাতে সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। দুবাইয়ের কন্ডিশনে তাই ব্যাটে-বলে দারুণ কিছুই করে দেখাতে হবে তাদের।
কঠিন প্রতিপক্ষকে হারাতে জুয়াইরিয়া দলের সবার কাছ থেকে সম্মিলিত অবদানের আশা করছেন, “আগের ম্যাচে খেলার অভিজ্ঞতাটা অবশ্যই আমাদের কাজে দেবে। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালের দিকে আমরা অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারব এবং নিজেদের লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাব। দলে যার যে দায়িত্ব, সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে। অবশ্যই আমরা ম্যাচটি জিততে চাই।”
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি মাঠে গড়াবে আজ রোববার রাত সাড়ে ৮টায়, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।