রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মো. আলমগীর (২৭) নামে এক রাজমিস্ত্রি ‘আত্মহত্যা’ করেছেন।
গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গভীর রাতে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য আজ রোববার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
আলমগীর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মদন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং পরিবার নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল গোবিন্দপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
আলমগীরের প্রথম স্ত্রী শিরিন জানান, তাদের প্রায় তিন বছর প্রেমের পর বিয়ে হয় এবং ১০ বছর ধরে সংসার করছেন। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। ১০ থেকে ১৫ দিন আগে আলমগীর আমাদের পাশের ঘরের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে ১৫ লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই ওই মেয়ে কাবিনের টাকা দাবি করে আসছিল। এ নিয়ে সংসারে অশান্তি দেখা দেয়। কাবিনের টাকা পরিশোধ করতে না পেরে এবং দুই পক্ষের চাপ সামলাতে না পেরেই তিনি এ চরম পথ বেছে নিয়েছেন।
শিরিন আরও জানান, নিজের মা-বাবার সঙ্গেও আলমগীরের তেমন যোগযোগ ছিল না। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে টেনেটুনে তাদের সংসার চলত।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জসীমউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে স্ত্রীকে দোকান থেকে খাবার আনতে বাইরে পাঠান আলমগীর। স্ত্রী বাইরে গেলে ফাঁকা ঘরে সিলিংয়ে থাকা বাঁশের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া ও প্রাথমিক সুরতহাল শেষে ভোরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।