চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের গেটে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহীদ আবদুর রব হলের গেটে এ ঘটনা ঘটে।
আরিফুল ইসলাম চবির প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়িতে। তিনি শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের একটি অংশে নিজ ডিপার্টমেন্টের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হন আরিফুল এবং সেখানেই ঝুলে থাকে। এরপর পুরো হলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
চবির সহকারী প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন চরচাকে বলেন, রাতে হলের গেটে একটি ব্যানার টাঙাতে গেলে আরিফুল বিদ্যুতায়িত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।