আমাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটাতে ডিমের বিকল্প নেই। বিশেষত প্রোটিনের সবচেয়ে ভালো উৎস এটি। এতে থাকা প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকতে সহায়তা করে।
প্রতিদিনের ঝামেলা এড়াতে অনেকেই বাজার থেকে একসঙ্গে অনেক ডিম কিনে তা সংরক্ষণ করেন। কিন্তু অতিরিক্ত গরমে ডিম নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
সব ফ্রিজে আছে ডিম রাখার ব্যবস্থা। যদিও ফ্রিজে ডিম রাখলে তা দীর্ঘদিন ভালো থাকে, সেক্ষেত্রে সংরক্ষণও করতে হবে সঠিক উপায়ে। জেনে নিন সঠিক উপায়ে ফ্রিজে ডিম রাখার কৌশল-
- ডিম বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজে রাখতে হবে। অপরিষ্কার ডিম কখনই খাবেন না। ডিমের গায়ে লেগে থাকা যাবতীয় নোংরা পরিষ্কার করে তারপর তা ফ্রিজে রাখতে হবে।
- প্রায় সব ফ্রিজের ভেতরেই ডিম রাখার আলাদা অংশ থাকে। সেখানেই ডিম রাখা উচিত।
- আমাদের দেশে যে ধরনের আবহাওয়া, সেখানে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ডিম না রাখাই ভালো। নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
- ফ্রিজে তাপমাত্রা ৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার থেকে কম রাখতে হবে ডিম সংরক্ষণের জন্য।
- ডিম কেনার পর বেশিদিন তা ফ্রিজে রাখবেন না। কারণ ফ্রিজের মধ্যে থাকা ডিমও নষ্ট হয়ে যেতে পারে যদি সেটা অনেকদিন ধরে থাকে।
- ডিম সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রার হেরফের হলে ডিমের মধ্যে ব্যাকটেরিয়া বাসা বাঁধবে। আর সেই ডিম খেলে আমাদের শরীরে ব্যাকটেরিয়াজাত ইনফেকশন হতে বাধ্য।
- ডিম একটু পুরোনো হয়ে গেলে তা ভালো আছে কি না বোঝার জন্য বিশেষ একটা পরীক্ষাও করতে পারেন। সাধারণ তাপমাত্রার পানি নিয়ে তার মধ্যে ডিম ফেলে দিন। যদি ডুবে যায় বুঝবেন ডিম ভালো আছে, আর ভেসে উঠলে বুঝবেন ডিম পুরোনো হয়েছে কিংবা নষ্ট হয়ে গেছে।
তথ্যসূত্র: এবিপি লাইভ