Advertisement Banner

এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে চারজন একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ মঙ্গলবার ভোরে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

আবু জাফর বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকাটি এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান এবং তিনজন আহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা যান।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

নুর আলম জানান, চালক ছাড়া নিহত চারজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সম্পর্কিত