টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে স্থানীয়দের ধারণা।
মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশিয় ধারাল অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫/৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব বলেন, ‘‘এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’’