রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকায় শিশু গৃহশ্রমিক তানিয়ার ওপর নির্যাতনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়। বিবৃতিতে শিশু গৃহশ্রমিকের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে এইচআরএফবি জানায়, ঢাকায় গৃহকর্মে নিয়োজিত থাকা অবস্থায় শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হয়েছে। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।
এইচআরএফবি জানায়, শিশু গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনা বিচ্ছিন্ন নয়। চলতি বছর দেশের বিভিন্ন স্থানে এ ধরনের নির্যাতন, শারীরিক নিপীড়ন ও মৃত্যুর ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারিতে ঢাকার উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মী এবং আশুলিয়ায় ১০ বছর বয়সী আরেক শিশু গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে। মে মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর নির্যাতনের খবর প্রকাশিত হয়। এ ছাড়া জুন মাসে রাজধানীর ধানমন্ডিতে ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মী বহুতল ভবন থেকে পড়ে মারা যায়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে তাকে হত্যা করে ভবন থেকে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়। সেপ্টেম্বর মাসে সিলেটে ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ওপর এক বছরেরও বেশি সময় ধরে নির্যাতনের অভিযোগের খবর প্রকাশিত হয়েছে।
সংগঠনটির মতে, এসব ঘটনার যথাযথ বিচার ও জবাবদিহি নিশ্চিত না হওয়ায় শিশু গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের ঝুঁকি কমছে না। গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং যথাযথ নজরদারি প্রয়োজন।
বিবৃতিতে তানিয়াসহ নির্যাতনের শিকার সব গৃহশ্রমিকের ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রকাশ্যে আসা অন্যান্য শিশু গৃহশ্রমিক নির্যাতন ও মৃত্যুর ঘটনায় বিচারপ্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানায় এইচআরএফবি। এ ছাড়া ভুক্তভোগীদের রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও পুনর্বাসন এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গৃহকর্মকে ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করে শিশু ও কিশোর-কিশোরীদের গৃহকর্মে নিয়োগে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে শ্রম আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী শিশুকে যেকোনো ধরনের কাজে নিয়োগ নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে “গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫”-এর যথাযথ বাস্তবায়নের জোর দাবি জানান যায়।