আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
দীপু মনির মেয়ে তানি দীপাবলী নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোল মঞ্জুর করা হয়। দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নেওয়াজের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, আজ বুধবার দুপুরে মেয়ে দীপাবলী মায়ের সঙ্গে দেখা করতে মুন্সিগঞ্জ জেলা কারাগারে যান। পরে কারাগার থেকে বের হয়ে দুপুর পৌনে ২টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দেওয়ার পর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর হয়। এর আগে চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল বলেও জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তৌফীক নেওয়াজের মরদেহ রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে নেওয়া হবে। পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। জোহরের নামাজের পর সেখানে জানাজা হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
দীপু মনির স্বামী তৌফীক নেওয়াজ গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে দীপু মনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।