বরিশালে তারাবি নামাজে যাওয়ার পথে কৃষককে হত্যা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বরিশালে তারাবি নামাজে যাওয়ার পথে কৃষককে হত্যা
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে হাতুড়িপেটা করে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহষ্পতিবার মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানায় মামলা করেন নিহতের স্ত্রী আঁখি আক্তার। নিহত মোস্তফা কামাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বাসিন্দা।

এই ঘটনায় ১৪ জনকে নামধারী এবং সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। আজ শুক্রবার কাজিরহাট থানার ওসি নবীউল হাসান বলেন, “এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

নিহত মোস্তফা কামাল গত বুধবার রাতে তারাবি নামাজ পড়তে কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের বাড়ি থেকে পার্শ্ববর্তী বাজারের মসজিদে যাচ্ছিলেন। তখন এই হামলা চালানো হয়।

বুধবার রাত একটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদার।

নিহতের স্ত্রী আঁখি বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিহত মোস্তফা কামালের সঙ্গে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলে আসছিল। এসময় মাঠে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা করে। একপর্যায় হাতুড়ি দিয়ে মাথা এবং হাতসহ তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় মোস্তফা কামালকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত