কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়া প্রাঙ্গণে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর নাসীরউদ্দীন পাটওয়ারী কিছুক্ষণ আখড়ার ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে রাত ৮টার দিকে পুলিশ স্থানীয় দলীয় নেতাকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে কুমারখালী থানায় নিয়ে যায়। সেখানে তার অভিযোগ দায়ের করার কথা রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।”
এনসিপি সূত্রে জানা গেছে, নাসীরউদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় গিয়েছিলেন। প্রথমে তিনি শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করেন এবং পরে ছেঁউড়িয়ার লালন আখড়ায় যান। সেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীত উপভোগ করার সময় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা লাইভ করার সময় তার ওপর হামলা ও তার গাড়িতে ভাঙচুর চালানো হয়।
স্থানায় এনসিপি নেতাদের অভিযোগ, কুষ্টিয়া পৌরসভা ছাত্রদলের সদস্য সংগ্রামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
তবে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, “তাদের সংগঠন মব কালচার বা মব রাজনীতিতে বিশ্বাস করে না। এই ঘটনায় যদি ছাত্রদলের কোন নেতা বা কর্মী জড়িত থাকেন, তবে তার দায়ভার ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে নিতে হবে।”
ঘটনার সময় এনসিপির কুষ্টিয়া জেলার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনিসহ স্থানীয় অন্য নেতারা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিলেন।
এদিকে, এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেছেন, বিএনপি নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এই হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সহযোগীদের তাড়া করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা এবং এতে দৃশ্যমান ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার পরে নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি।