বেশ কিছু আইফোনে বন্ধ হতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিষেবা । আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে কার্যকর হবে এই নিয়ম।
হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, এখন আইফোনে আইওএস ১২-এর কম ভার্সনের সাপোর্ট থাকলে কাজ করে না হোয়াটসঅ্যাপ। তবে আগামী বছরের ৫ মে থেকে এই মাপকাঠি হতে চলেছে আইওএস ১৫.১।
সংশ্লিষ্টরা বলছেন, আইফোনের সব গ্রাহকদের এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ তাদের কাছে এখনও ৫ মাস সময় রয়েছে আইওএস ভার্সন আপডেট করে নেওয়ার। তবে আপনার আইফোনে যদি আইওএস আপডেট করার সুযোগ-সুবিধা না থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে নতুন আইফোন কেনা ছাড়া গতি নেই।
ওয়েবিটাইনফো জানায়, আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫এস-এ চালানো যাবে না হোয়াটস অ্যাপ। কারণ এক দশক আগে বাজারে আসা ফোনগুলোতে আইওএস ১৫.১ না থাকাটাই স্বাভাবিক। আর এসব ফোনে আইওএস ভার্সন ১২-এর চেয়ে বেশি আপডেট করার সুযোগ নেই।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া