ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ দেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দেয় নগদ ও ডিআরইউ।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নগদ।
‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’নামক পুরস্কারটি প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশিন-রেডিও- দুই ভাগে মোট ২৬টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য দেওয়া হবে। এর মধ্যে সব মিডিয়ার জন্য উন্মুক্ত করে সেরা রিপোর্টের জন্য দুটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে রাষ্ট্রপতির পক্ষ থেকে। জমা হওয়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক।
সংগঠনের সদস্যদের ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডে মনোনয়নের জন্য জমা দিতে হবে। রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৪ অক্টোবর ২০২৬।
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, “বছরের সেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত করার এ আয়োজন দেশের সাংবাদিকতাকেই এগিয়ে নেওয়ার এক ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাবও সাংবাদিকতার ওপর পড়েছে।”
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূঁইয়া বলেন, “দেশের সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা দেশীয় মোবাইল আর্থিক সেবা হিসেবে এ রকম একটি আয়োজনের সাথে থাকতে পেরে আনন্দিত।”
এ সময় নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ-ডিআরইউ অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্যরা ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।